লালমনিরহাটে বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১০
গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ইউপি সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী।
আহতরা হলেন- উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা আব্দুল হামিদ (৪০), একই এলাকার সাকিব (১৭), সৌরভ (১৮), মিনারুল (৩৮), সিরাজুল (৩৮) আবদার রহমান (৫০), জুয়েল (৩৬), সুমন (২৯), মনির (২০), কাজল (২৪) এবং জিবন (১৯)।
আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে ইউপি সদস্য আব্দুল হামিদের সঙ্গে একই এলাকার আতিকুল ও নূরলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন ওই এলাকায় জমায়েত হতে থাকে।
এক পর্যায়ে আতিকুল, নূরলদের পক্ষের লোকজন ইউপি সদস্য হামিদ ও তার লোকজনের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। পরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, “ওই জমি আমার। আমি আবাদ করেছি। এমনকি ধান কেটে জমিতে রেখেছি। সেই ধান নিয়ে আসার আগেই তারা লোকজন দিয়ে ক্ষেত থেকে ধান নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধা দিতে গেলে আমাদের ওপর হামলা করে।”
অপর পক্ষের নূরলের শ্যালক হাফিকুল ইসলাম বলেন, “আমার বোন জামাই ওই জমি আগে থেকে ভোগ করে আসছেন। তারা জোর করে ওই জমি নিজেদের দাবি করছেন। আজকে ধান তুলতে গেলে তারা বাধা দেয়। তাদের কাছে যদি জমির কাগজ থাকে, তাহলে দেখাক।”
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনোয়ারুল হক বলেন, আহতদের মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি মাহমুদুন্নবী বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
