Published : 20 Jul 2026, 01:24 PM
চুয়াডাঙ্গার জীবননগরে দশ বয়সী এক শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোক্তাগীর আলম তিন বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এম শাহজাহান মুকুল জানিয়েছেন।
দণ্ডিত ২৯ বছর বয়সী আবুল হোসেন ফটিক জীবননগর উপজেলার গহেশপুর গ্রামের আবু তাহের মোল্লার ছেলে।
মামলার বরাতে পিপি শাহজাহান মুকুল বলেন, ২০২৩ সালের ২১ ডিসেম্বর দুপুরে গোয়ালপাড়া গ্রামের ওই শিশুটি আরও তিন শিশুর সঙ্গে গ্রামের মাঠে শাক তুলতে যায়। এ সময় আসামি তাকে শাক দেবে বলে মাঠের একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ ও গলা কেটে করে হত্যা করে।
এ ঘটনায় নিহত শিশুটির বাবা অজ্ঞাত পরিচয় আসামিদের নামে একটি মামলা দায়ের করেন। পরে তদন্ত করতে গিয়ে আবুল হোসেনকে শনাক্ত করে পুলিশ।
এরপর ২০২৪ সালের ৭ মার্চ আবুল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। একই দিন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
এরপর একই বছরের ৩১ অক্টোবর জীবননগর থানার এসআই সাইফুল ইসলাম আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
আসামির উপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। রায়ে বিচারক তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন বলে পিপি শাহজাহান মুকুল জানান।