ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহতের অভিযোগ
পাওনা টাকা চাইতে গেলে বাগবিতণ্ডার এক পর্যায়ে নিয়ামতকে মারপিট করা হয় বলে জানায় পুলিশ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকালে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান জামান।
নিহত নিয়ামত উল্লাহ ওই গ্রামের প্রয়াত ইমান আলীর ছেলে।
এসআই মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে চাচা নিয়ামদের সঙ্গে ভাতিজা এরশাদ উল্লাহর পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। বিকালে এরশাদের কাছে নিয়ামত পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে এরশাদ লাঠি দিয়ে চাচা নিয়ামতকে মারপিট করেন। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে নিহতের ভাতিজা পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
