২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ৭ জেলেকে ‘অপহরণ’, মুক্তিপণ দাবি

বনদস্যুরা জেলেদের মাথাপিছু ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে বলে জানান এক ইউপি সদস্য।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন গহীন সুন্দরবন থেকে বনদস্যুরা সাত জেলেকে ‘অপহরণ’ করে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ। যাদের ছেড়ে দিতে মাথাপিছু ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। 

সোমবার ও মঙ্গলবার দুই দফায় সুন্দরবনের দাড়গাং নদী সংলগ্ন খাল থেকে চারজন ও হোগল ডোকরা খাল এবং কালির খাল থেকে তিনজনকে অপহরণ করা হয় বলে জানান শ্যামনগর থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা।

অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার পার্শেখালি এলাকার ছাকাত সরদারের ছেলে ইব্রাহীম সরদার, গফুর গাজীর ছেলে আব্দুল হাকিম, সুজন মুণ্ডার ছেলে সুজিত মুন্ডা, কালিঞ্চি এলাকার বোরহান গাজীর ছেলে সাত্তার গজী, কেনা গাজীর ছেলে আকিনুর, কৈখালীর আইনাল গাজীর ছেলে বুলবুল গাজী এবং রমজাননগরে তারানীপুর গ্রামের কাদের হোসেনের ছেলে আরাফাত হোসেন।

সুন্দরবন থেকে ফিরে আসা জেলে আবুল হোসেন ও আব্দুল আজিজ জানান, তারা সুন্দরবনের দাড়গাং নদী সংলগ্ন খালে নৌকা ও জালদড়া মেরামতের কাজ করছিলেন। এ সময় ছয় থেকে সাতজনের একটি দল দুই দফা সেখানে হানা দেয়। 

এক পর্যায়ে তারা চারটি নৌকা থেকে চারজনকে অপহরণ করে নিয়ে যায়। এ ছাড়া হোগল ডোকরা খাল ও কালির খাল থেকে তিনজনকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত জেলেরা সুন্দরবনে ঢোকার প্রস্তুতি নয়, তারা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করছিলেন বলে দাবি স্থানীয়দের।

এর আগে অপহরণের পর মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলে সুজন মুণ্ডা বলেন, সুন্দরবনে ‘মুন্না বাহিনী’ নামের নতুন একটি ‘বনদস্যু বাহিনী’ এসব জেলেদের অপহরণ করেছে।

রমজাননগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হামিদ লালটু বলেন, “বনদস্যুরা জেলেদের মুক্তিপণ বাবদ মাথাপিছু ৫০ হাজার টাকা করে দাবি করেছে। বনদস্যুদের স্থানীয় সহযোগীরা কয়েকদিন আগে ২৫ থেকে ৩০ হাজার টাকার কাঁচামাল সুন্দরবনে পাঠিয়েছে।”

বর্তমানে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে জানিয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, ১ সেপ্টেম্বর থেকে অনুমতি নিয়ে জেলেরা মাছ ধরতে পারবেন। 

বন-সংলগ্ন খালে নৌকা প্রস্তুতের সময় কয়েক জেলে অপহৃত হয়েছেন বলে শুনেছেন তিনি।

ওসি হুমায়ুন কবির বলেন, জেলেদের অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। জলদস্যুদের সহযোগিতা কিংবা তাদের জন্য বাজার করে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।