নরসিংদীতে নিখোঁজের ৪ দিন পর চরে মিলল শিশুর অর্ধগলিত লাশ
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজের চার দিন পর সাত বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দির চরের ফাঁকা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান রায়পুরা থানার ওসি মজিবর রহমান।
নিহত তাসকিয়া আক্তার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।
ওসি মজিবর রহমান বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে তাসকিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।
এদিন সকালে স্থানীয়রা চরে অর্ধগলিত একটি লাশ দেখতে পান। খবর পেয়ে তাসকিয়ার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি মজিবর রহমান।
