টুঙ্গিপাড়ায় এক প্রতিষ্ঠানে সাড়ে ৪ হাজার লিটার ডিজেল মজুত, জরিমানা
মজুত করা ডিজেল মাথাপ্রতি পাঁচ লিটার করে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিপুল ডিজেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাটগাতী বাজারের মেসার্স কালিপদ সাহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাহা ও গোবিন্দ সাহাকে এ জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
এ কর্মকর্তা বলেন, “প্রতিষ্ঠানটি অবৈধভাবে ৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করছিল- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) আমাদের কাছে এমন তথ্য দেয়। রাতে সেখানে অভিযান পরিচালনা করে তথ্যের সত্যতা পাওয়া যায়।
পরে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ব্যবসা প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আল-আমিন হালদার আরও বলেন, মজুত করা ডিজেল মাথাপ্রতি পাঁচ লিটার করে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। যদি তারা সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে ডিজেল বিক্রি না করে, তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খোলা বাজারে জ্বালানি তেলের বিপণন ও সরবরাহ তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
