বগুড়ায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন
“ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক লগির মাথায় আগুন জ্বালিয়ে গ্রামীণ ব্যাংকের ওই শাখার সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছেন।”
বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শেরপুর থানার ওসি মইন উদ্দিন জানান, শনিবার গবীর রাতে উপজেলার গাড়িদহ বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখায় এ ঘটনা ঘটে।
তবে আগুন কিছুক্ষণের মধ্যে নিভে যাওয়ায় তা ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়নি।
ওসি বলেন, শনিবার রাতে উপজেলার গাড়িদহ বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশের হাতে আসা ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক লম্বা একটি লগির মাথায় আগুন জ্বালিয়ে গ্রামীণ ব্যাংকের ওই শাখার সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছেন।
“এ সময় তার পাশে থাকা আরেক যুবক সেটির ভিডিও ধারণ করছেন।”
তিনি বলেন, কিছুক্ষণ পর আপনাআপনি আগুনটি নিতে যাওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি ব্যাংকের ওই শাখায়। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে।
