নাটোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারের চালক নিহত
প্রাইভেট কারে থাকা দুইজন গুরুতর আহত হয়েছেন।
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই যাত্রী।
শুক্রবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান মনির।
নিহত সাগর হোসেন (২৯) চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বোয়ালমাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ওসি মনিরুজ্জামান মনির বলেন, ভোরে ঢাকা থেকে মেহেরপুরগামী প্রাইভেট কারের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সাগর মারা যান।
এ সময় প্রাইভেট কারে থাকা নোমান তরফদারসহ আরও দুইজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দূর্ঘটনার পরেই ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যায়। ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
