হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
শিবপাশা ইউনিয়নের সবুজগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরেকজন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের সবুজগঞ্জ বাজারে শরীফ উদ্দিন মিয়ার তিনতলা ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মিজানুর রহমান জানান।
নিহত রুজেল মিয়া (৩৫) বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামের বাসিন্দা মৃত খোরশেদ আলীর ছেলে।
আহত রহিকুল মিয়া আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী উত্তরপাড়া গ্রামের মুক্তাছির মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রুজেল ও রহিকুল নিচে থাকা রড উপর তোলছিলেন। এ সময় রড বিদ্যুতের মূল লাইনের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন রুজেল ও রহিকুল। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুজেলকে মৃত ঘোষণা করেন।
শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর বলেন, এ ব্যাপারে আইগত প্রক্রিয়া চলছে।
