বরিশালে কুপিয়ে যুবক হত্যার অভিযোগ
“স্বামী-স্ত্রীর বিরোধ নিয়ে গ্রামে দুটি পক্ষ হয়েছে। জাকিরের পক্ষের লোকজন তিনজনকে কুপিয়ে জখম করেছে। এর মধ্যে লিটু নিহত হয়েছে, “বলেন ওসি জাকির শিকদার।
বরিশালে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার তথ্য দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার পর বরিশালের কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লিটন সিকদার লিটু। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই সুমন সিকদার ও বোন মুন্নি।
লিটু এক সময় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তাকে ২০২০ সালে সংগঠন থেকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু।
লিটুর বোন মুন্নি বলেন, তার স্বামী একই গ্রামের বাসিন্দা জাকির হোসেন গাজী গোপনে আরেকটি বিয়ে করেছে। এ নিয়ে পারিবারিক বিরোধ হয়। সম্প্রতি এ নিয়ে তিনি ও স্বামী পাল্টাপাল্টি মামলা করেন। মামলার আসামি হিসেবে আদালত থেকে জামিন নিয়ে পুলিশের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে আসেন তিনি।
মুন্নির ভাষ্য, তখন পুলিশের সামনে একদল লোক তাদের ওপর হামলা চালায়। তারা ভাংচুর চালায় এবং বাইকসহ জিনিপত্রে আগুন দেয়। তারা লিটুকে কুপিয়ে হত্যা করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার সময় বিমানবন্দর থানার এসআই শহীদুল ইসলাম পিকআপে উঠছেন। এ সময় তাকে উদ্দেশ করে একজনকে বলতে শোনা যায়, “আপনি এ পরিস্থিতিতে কোথায় যাচ্ছেন। আপনি দায়িত্বপ্রাপ্ত না? আপনি ওকে গ্রেপ্তার করেন। এ পরিস্থিতিতে আপনি ওকে নিয়ে যান।”
পরে এ বিষয়ে এসআই শহীদুল ইসলাম বলেন, তিনি লিটুর বোনের করা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। তিনি চলে আসার পর এ ঘটনা ঘটেছে।
বিমানবন্দর থানার ওসি জাকির শিকদার বলেন, “পারিবারিক বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে। আমার পক্ষে যা করার, মামলা নেওয়া, স্বামী ও স্ত্রী দুই পক্ষের মামলা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “স্বামী-স্ত্রীর বিরোধ নিয়ে গ্রামে দুটি পক্ষ হয়েছে। জাকিরের পক্ষের লোকজন হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করেছে। তিনজনকে কুপিয়ে জখম করেছে।
“এর মধ্যে লিটু নিহত হয়েছে। দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আনা হয়েছে।”
