২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় গণঅধিকার পরিষদ থেকে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

শৃঙ্খলা ভঙ্গ ও একক আধিপত্য বিস্তারসহ নানা অভিযোগে পদত্যাগ করেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তারা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 10:14 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, অনিয়ম-দুর্নীতি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও একক আধিপত্য বিস্তারসহ নানা অভিযোগে নওগাঁয় শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

শুক্রবার দুপুরে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন জেলা ও উপজেলার বিভিন্ন শাখার এসব নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নওগাঁ জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি এবাদুল ইসলাম অভিযোগ করে বলেন, “নীতি, নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে। সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হয়েছে। 

যারা মাঠে-ময়দানে সর্বস্ব দিয়ে সংগঠন গড়ে তুলেছেন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাদের কোনো মূল্য নেই। সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ‘স্বৈরাচারী’ আচরণ করা হয়েছে; যা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অপমানজনক। দলের অভ্যন্তরে মতামতের কোনো মূল্য নেই; উপর থেকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।”

সম্প্রতি নওগাঁ জেলার সব অঙ্গসংগঠনের নেতাদের মৌখিক সম্মতি উপেক্ষা ও জেলা কমিটি গঠনের জন্য একটি উপকমিটি গঠন করা হলেও তাদের সিদ্ধান্তের তোয়াক্কা না করে ‘অলৌকিক ক্ষমতায়’ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেন এবাদুল ইসলাম।

তিনি বলেন, “মূল সংগঠন গণঅধিকার পরিষদ হলেও, নিয়ন্ত্রণ করছে অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ; যা সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি। বর্তমান সংগঠন তার মূল পথ ও উদ্দেশ্য থেকে সরে এসেছে।”

তাই নিজেদের আত্মমর্যাদা, রাজনৈতিক আদর্শ ও তৃণমূল কর্মীদের প্রতি দায়িত্ববোধ থেকে সংগঠন থেকে দুই শতাধিক নেতাকর্মী সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান এবাদুল ইসলাম।

গণঅধিকার পরিষদ নওগাঁ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান শেখ বলেন, নবগঠিত জেলা কমিটির ৬৭ জনের মধ্যে ৩০ জনসহ জেলায় গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

দল ত্যাগ করা এসব নেতাকর্মী অন্য কোনো দলে যোগ দেবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি আখতারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খানসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন