চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার খবর
ওসি বলেন, “পরিবারের দাবি, ইব্রাহিম বাবু গুলিতে নিহত হয়েছেন। তারপর তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে।”
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার খবর পেয়েছে পুলিশ।
বুধবার দুপুরে ঝাঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে বলে পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে।
যে ব্যক্তিকে গুলি করে হত্যার খবর ছড়িয়েছে, তার নাম ইব্রাহিম বাবু (৩২)। তিনি ঝাঝাডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।
স্বজনদের বরাতে দর্শনা থানার ওসি শহিদ তিতুমির বলেন, “সকাল ১১টার দিকে ইব্রাহিম বাবু গরুর ঘাস কাটার জন্য সীমান্ত এলাকার মাঠে যান। দুপুর ১টার দিকে সীমান্তের ২৯ নম্বার মেইন পিলারের কাছে দুটি গুলির শব্দ শোনা যায়।
“পরিবারের দাবি, ইব্রাহিম বাবু গুলিতে নিহত হয়েছেন। তারপর তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
এ বিষয়ে কথা বলতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।
