২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

খুলনায় পূর্ববিরোধের জেরে তরুণকে কুপিয়ে হত্যা

ওসি মোস্তফা কামাল বলেন, হামলাকারী ও হতাহত ব্যক্তিরা পরস্পরের বন্ধু। চার-পাঁচ দিন আগে তাদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 10:44 AM

Updated : 26 Aug 2026, 03:26 PM

খুলনার ফুলতলায় বন্ধুদের মধ্যে পূর্ববিরোধের জেরে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দামোদর ইউনিয়নের তহশিল অফিস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে বলে ফুলতলা থানার ওসি মোস্তফা কামাল জানিয়েছেন।

নিহত ১৮ বছর বয়সী সাব্বির ফুলতলা বাজার বাসস্ট্যান্ড এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি স্থানীয়ভাবে ডিশ ও ইন্টারনেট সংযোগের কাজ করতেন।

আহত হয়েছেন স্বাধীন আহমেদ (২০) ও নীরব হোসেন (১৯)।  

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে দামোদর জমাদ্দারপাড়া এলাকায় কথা-কাটাকাটির জেরে সাব্বিরসহ তিনজনের ওপর হামলা চালায় কয়েকজন। তারা ওই তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সেখানে চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি মোস্তফা কামাল বলেন, হামলাকারী ও হতাহত ব্যক্তিরা পরস্পরের বন্ধু। চার-পাঁচ দিন আগে তাদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।