২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরাদের বৈসু শোভাযাত্রায় উৎসবের রঙ

“বৈসু র‌্যালির মাধ্যমে আমরা জানাতে চাই, এদেশের সব মানুষ যেন শান্তিতে থাকে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2025, 03:10 PM

Updated : 26 Aug 2026, 12:28 PM

পুরাতন বছরকে বিদায় ও নতুন বছর বরণে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরাদের বৈসুর বর্ণাঢ্য শোভাযাত্রা। বর্ণিল এ আয়োজনে সামিল হয় নানা বয়সী মানুষ।

শুক্রবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে শোভাযাত্রাটি বের হয়ে ত্রিপুরা কল্যাণ সংসদ মাঠে গিয়ে শেষ হয়। এতে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষরা নিজেদের ঐতিহ্যবাহী সাজ পোশাকে এবং বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া সুম্মিতা ত্রিপুরা বলেন, “একেবারে দোর গোড়ায় নতুন বছর। আমরা র‌্যালির মাধ্যমে আমাদের সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে চাই। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এখানে আসা। দুদিন পরই আমাদের হারি বৈসু।

“আমরা সেদিন গঙ্গা মায়ের উদ্দ্যেশে ফুল ভাসিয়ে তার কাছে আর্শীবাদ প্রার্থনা করি। যাতে আমরা সারা বছর সুখে-শান্তিতে থাকতে পারি।”

শোভাযাত্রার আগে টাউন হল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে ত্রিপুরার ‘গড়িয়া’ দলের নৃত্যশিল্পীরা নাচ করেন। গড়িয়া নৃত্যের অন্যতম অনুসঙ্গ বাঁশিতে বেজে ওঠে বৈসুর সুর। 

পরে একটি আলোচনা সভায় বক্তব্য রাখেন সেনাাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

তিনি বলেন “সংস্কৃতির মাধ্যমে ঐক্যের বন্ধন রচিত হওয়ার পাশাপাশি পাহাড়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। আমরা সম্প্রীতির খাগড়াছড়ি গড়ব।”

ত্রিপুরাদের হাজার বছরের নিজস্ব সংস্কৃতি, ভাষা, সংগীত ও নৃত্যসহ হারানো সংস্কৃতিকে তুলে ধরার জন্য এমন আয়োজন, বলছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল ত্রিপুরা।

তিনি বলেন, “বৈসু র‌্যালির মাধ্যমে আমরা জানাতে চাই, এদেশের সব মানুষ যেন শান্তিতে থাকে। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এই র‌্যালিতে যারা অংশ নিয়েছে সবাইকে কৃতজ্ঞতা জানাই।

“নতুন বছর বরণ উপলক্ষ্যে ত্রিপুরাদের মাসব্যাপী নানা আয়োজন রয়েছে।”

বৈসু উৎসবে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সবাইকে প্রাণ ও প্রকৃতি রক্ষার আহ্বান জানান।

তিনি বলেন, “পাহাড়ের ঐতিহ্য রক্ষা করতে হলে পাহাড়ের প্রকৃতিকে রক্ষা করতে হবে। প্রকৃতিকে রক্ষা করতে হলে পাহাড়কে বাঁচিয়ে রাখতে হবে; পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে।”