২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসূতির মৃত্যু: রংপুরে এক হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘স্বপ্ন জেনারেল হাসপাতাল’ সিলগালা করে দিয়েছে যৌথ বাহিনী।

প্রসূতির মৃত্যু: রংপুরে এক হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
রংপুরের ইন্টারন্যাশনাল হসপিটাল ভবন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 09:59 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

রংপুর নগরে বেসরকারি ইন্টারন্যাশনাল হসপিটালে ‘অবহেলায়’ এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠার পর অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে নগরের আর কে রোড এলাকার হাসপাতালটিতে চালানো অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. মাহমুদুল ইসলাম। এতে সেনাবাহিনী, সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কর্মকর্তারা অংশ নেন ।

অভিযানে হাসপাতালটিতে নানা অনিয়ম ও চিকিৎসা ব্যবস্থাপনায় গাফিলতির প্রমাণ পাওয়ার দাবি করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেশকাতুল আবেদ।

তিনি বলেন, হাসপাতালটিতে একজন প্রসূতির চিকিৎসা ‘অবহেলার’ কারণে মৃত্যুর ঘটনার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালটির কাগজপত্র নবায়ন না থাকা এবং অন্যান্য সমস্যা থাকায় দুই লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে মালিককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী হাকিম মাহমুদুল ইসলাম বলেন, হাসপাতালটির অস্ত্রোপচার কক্ষে কিছু সামগ্রীর ঘাটতি পাওয়া গেছে। এতে ২০ শয্যার অনুমোদন থাকলেও ৩০টি শয্যা রয়েছে। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও কর্মচারীর সংকট রয়েছে। 

হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্কের পাশাপাশি এসব ঠিক করতে সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, জেলায় প্রতিনিয়ত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর কার্যক্রম তদারকি করা হচ্ছে। অবৈধ ও অনিয়মিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

এর আগে ১৬ জুন নগরের ‘স্বপ্ন জেনারেল হাসপাতাল’ বন্ধ করার পর গোপনে আবার রোগী ভর্তি কার্যক্রম ও অস্ত্রোপচার করার অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে যৌথ বাহিনী।