Published : 30 Dec 2025, 11:14 AM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানান নালিতাবাড়ী থানার ওসি মো. আশরাফুজ্জামান।
মারা যাওয়া মোহাম্মদ আতিকুল ইসলাম (৪৯) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের প্রয়াত মোহাম্মদ ইমাম হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবির হাতিপাগার বিওপির সদস্য।
ওসি আশরাফুজ্জামান বলেন, সোমবার সকালে নিয়মিত টহলের অংশ হিসেবে নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত এলাকায় ডিউটি করতে যান আতিকুল ইসলাম। স্থলবন্দর এলাকার ৫০০ মিটার পশ্চিম দিকে পৌঁছলে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তার নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে থাকে।
এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক হুমায়ুন আহমেদ নূর প্রয়োজনীয় পরীক্ষা করার পর বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ইতোমধ্যে তার মরদেহ বিজিবি কর্তৃপক্ষ ময়মনসিংহ সেক্টরে নিয়ে গেছেন। সেখানে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।