দুর্গাপূজায় মাটির তৈরি তৈজসপত্রের পসরা বসাতে প্রস্তুত মৃৎশিল্পীরা
বছরের বেশিরভাগ সময় অলস সময় পার করলেও বিভিন্ন উৎসবকে ঘিরে যশোরের শার্শা উপজেলার পালপাড়ার বাসিন্দাদের কর্মব্যস্ততা বেড়ে যায়।
একদিন বাদেই শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এ উৎসবকে সামনে রেখে মাটির তৈরি তৈজসপত্রের পসরা বসাতে প্রস্তুত যশোরের শার্শা উপজেলার মৃৎশিল্পীরা।
মন্দির প্রাঙ্গণে বসা মেলায় আসা দর্শনার্থীদের চাহিদা মেটাতে মাটির তৈরি জিনিসপত্র বিভিন্ন স্থানে বাজারজাত করতে শেষ মুহূর্তে পরিবারের সবাইকে নিয়ে দিন-রাত ব্যস্ত সময় পর করছেন তারা।
উপজেলার বাগআচড়া ইউনিয়নের সামটা পাল পাড়ার ২৬টি পরিবার মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকেন। বছরের বেশিরভাগ সময় অলস সময় পার করলেও বিভিন্ন উৎসবকে ঘিরে তাদের মধ্যে কর্মব্যস্ততা বেড়ে যায়।
দুর্গাপূজা উপলক্ষে মৃৎশিল্পীদের আয়োজনের খবর নিতে পাল পাড়ায় গিয়ে দেখা যায়, শিশু থেকে শুরু করে নারী, পুরুষ, বৃদ্ধ সবাই ব্যস্ত সময় পার করছেন। কেউ মাটি দিয়ে বিভিন্ন প্রকারের হাড়ি পাতিল তৈরির কাজে ব্যস্ত, কেউবা বিভিন্ন ধরনের পশু, পাখিসহ বিভিন্ন প্রাণীর আকৃতি তৈরিতে ব্যস্ত।
কেউবা তুলি নিয়ে মনের মাধুরী মিশিয়ে এসব সামগ্রীতে রং করছেন। আবার কেউ কাঁচা মাটির খেলনা রোদে শুকাচ্ছেন। পরিবারের স্কুল পড়ুয়া ছেলে মেয়েরাও জড়িয়েছে এ কাজে। অনেকে আবার অন্য কাজ ফেলে মৌসুমের এ কাজে বাবা-মাকে সাহায্য করছেন।
তবে মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা কম থাকায় দিশেহারা এই শিল্পের সঙ্গে জড়িতরা। প্রতিবছর দুর্গাপূজা, পহেলা বৈশাখসহ, বিভিন্ন উৎসব-পার্বণে মৃৎশিল্পের কদর বাড়ে। ফলে এ সময়গুলোতে কিছুটা হলেও লাভের মুখ দেখেন তারা। কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে কমে যাচ্ছে এই শিল্পের প্রসার।
অনেকে এ পেশায় থাকলেও মাটির তৈরি সামগ্রীর চাহিদা না থাকায় অভাব-অনটনে সংসার চালাতে পারছেন না। একবেলা-আধাবেলা খেয়ে দিনাতিপাত করছেন অনেক মৃৎশিল্পী। এক সময়ের কর্মব্যস্ত কুমারপাড়া এখন সুনসান নিরবতা।
উপজেলার বেনাপোল, চালিতাবাড়িয়া, বাগুড়ি বেলতলা, সামটা, হাড়িখালি যদুনাথপুর, গোড়পাড়া, শুড়ো, গোগা ও শার্শা গ্রামের শতাধিক পরিবার মৃৎশিল্পের সঙ্গে যুক্ত।
এক সময় মাটির হাঁড়ি-পাতিল, বাসন-কোসন, ঢাকনা, কলস, ছোট বাচ্চাদের খেলনা সামগ্রী, পেয়ালা তৈরি করতেন তারা। তাদের তৈরি পুতুল ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সরবরাহ করা হত।
বর্তমানে নানা প্রতিকূলতা ও অভাব অনটনের কারণে উপজেলার পাল সম্প্রদায়ের মৃৎশিল্পীরা তাদের ঐতিহ্যবাহী বাপ-দাদার আদি পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।
বাগআচড়া ইউনিয়নের সামটা গ্রামের এলাকার প্রবীণ শিল্পী ললিত পাল জানান, ছোটবেলা থেকে মৃৎশিল্পে জড়িত ছিলেন তিনি। বয়সের ভারে ও আধুনিকতায় এ পেশা থেকে সরে দাঁড়ালেও তার ছেলে ঐতিহ্য ধরে রাখতে এখনও এ পেশায় আছেন।
“তবে আগে মানুষ যে হারে এসব জিনিস ব্যবহার করত, বর্তমানে সেভাবে করেন না। এসব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ। ঋণ করে সংসার চালাতে হয় আমাদের।”
জামতলার অনিল পাল বলেন, “এক সময় বাপ-দাদার পেশায় ভালই ছিলাম। মাটির তৈরি জিনিসপত্রের এখন আর কদর নেই। অনেকেই এ পেশা ছেড়ে দিচ্ছেন।”
বর্তমানে প্লাস্টিকের সামগ্রী বাজার দখল করেছে। এ অবস্থার মধ্যে চ্যালেঞ্জ নিয়ে এখনও টিকে আছে যশোরের মৃৎ-শিল্পীরা। অনেকেই ধরে রেখেছেন আবহমান এই ঐতিহ্য।
সামটা গ্রামের মৃৎ শিল্পী স্বপন পাল (৪৫) বলেন, “জন্মের পর বুঝতে শিখেই এই কাজ করছি। কিন্তু মাটির কাজ করে ছয়জনের মুখ চালাতে কষ্ট হচ্ছে। ভগবান বাঁচায় রাখিছে।”
এখনো মাটির ব্যাংক, বাচ্চাদের খেলনা সামগ্রী, ধুনছি, দইয়ের পাত্র ইত্যাদি ফেরি করে হাটে বাজারে অথবা কোন অনুষ্ঠানে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন রবিণ পাল।
এ পেশাকে বাঁচিয়ে রাখতে কৃষি বা অন্য কোনো কুটির শিল্পের মত স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করলে প্রান্তিক মৃৎ-শিল্পীরা উৎসাহ পেত বলে মনে করেন হাড়িখালি গ্রামের মইন পাল।
সামটা গ্রামের অরুন পালের স্ত্রী চায়না রানী পাল খেলনায় রং তুলির আঁচড় দিতে দিতে বলেন, “ছোট বেলা থেকেই এই কাজ করছি। আমরা বাড়িতে নিজের হাতে খেলনা তৈরি করি।
“আগে সারা বছরই বিভিন্ন ধরনের মেলা এবং উৎসব হত। সবখানেই মাটির জিনিস বিক্রি হত। কিন্তু আগের মতো মাটির জিনিসের কদর নেই। উৎপাদন আর পরিবহন খরচ বাদ দিলে খুব একটা লাভ থাকে না। বংশ পরম্পরায় করে আসছি বলেই এখনও লেগে আছি।”
