১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পাসপোর্ট ‘দালাল চক্রে’র ১৬ সদস্য গ্রেপ্তার

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।”

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 10:50 AM

Updated : 26 Aug 2026, 09:51 AM

চাঁদপুরে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের হোতাসহ ১৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব।  

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক (উপ-পরিচালক) লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, দুপুরে পাসপোর্ট অফিস এলাকা তরপুরচণ্ডী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- পাসপোর্ট দালাল চক্রের হোতা মো. ইয়াসিন (২২), মো. মামুন (৩৭), মুনকার আহমেদ রাজ (২২), মো. তানভীর (২৩), মোবারক গাজী (৪০), মো. রবিউল আলম (২৮), মো. শরীফ হোসেন (৩৭), মো. শাওন (২২), নুরুল ইসলাম মজুমদার (২৬), মো. অমিত হাসান (২২), মো. তোফাজ্জল দেওয়ান (৫৫), মো. সেলিম (৪০), রানা (৩৭), সাজ্জাদ (১৯), মো. তামিম হোসেন (২৩) ও আরমান হোসেন (৩০)।

লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল বলেন, “একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রচলিত নিয়ম-নীতি অনুসরণ করে পাসপোর্ট প্রাপ্তি সব নাগরিকের অধিকার। তবে অধিকাংশ সময় অসংখ্য ভুক্তভোগী দালাল চক্রের সদস্যকে পাসপোর্ট করতে দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার পরও পাসপোর্ট পায়নি জানিয়ে লিখিত ও মৌখিক অভিযোগ করে।

“পরে অভিযোগের সত্যতা যাচাই করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।”

র‌্যাবের এ কর্মকর্তার ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৮৩ পাসপোর্ট ডেলিভারি স্লিপ, আটটি মোবাইল ফোন, নগদ ৪৫ হাজার ২০০ টাকা এবং পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথি জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পাসপোর্ট প্রস্তুত করে দেওয়ার কথা বলে নির্ধারিত টাকার চাইতে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।”

গ্রেপ্তার দালালচক্রের সদস্যদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।