Published : 23 May 2026, 06:16 PM
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে এক খামারির মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুড়িগাঁও হাওরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।
নিহত শফিক মিয়া (৩০) সুড়িগাঁও গ্রামের বিরাজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, শনিবার সকালে বাড়ির পাশের হাওরে হাঁস চরাতে যান শফিক মিয়া। বেলা ১১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এলে তিনি হাঁস নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা হাওরে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শফিক মিয়ার লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।