Published : 14 Aug 2026, 04:01 PM
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার জঙ্গলবিলাস ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির নারী ফুটবলারদের হাতে উপহার হিসেবে ফুটবল ও জার্সি তুলে দেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি থেকে উঠে আসা নারী খেলোয়াড়দের প্রশংসা এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নারীদের খেলাধুলার প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়েও তুলনামূলক আলোচনা করে তিনি বলেন, “একটি দল ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নারীদের স্বাধীনতা সীমিত করার চেষ্টা করে, অন্যদিকে আরেক দলের প্রধান সরাসরি মাঠে এসে খেলা দেখে নারী খেলোয়াড়দের উৎসাহিত করছেন এবং খেলাধুলার উন্নয়নে কাজ করছেন।”
একাডেমির নারী ফুটবলারদের উন্নয়নে স্থায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন এ আইনজীবী।
এছাড়া রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির মাঠ নিয়ে স্থানীয় জমি-সংক্রান্ত বিরোধের সমাধানে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা উদ্যোগ নেবে বলেও জানান সারওয়াত সিরাজ শুক্লা।
রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার রত্না, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া সংগঠক ফারুক হোসেন জুলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম।