২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার বিলম্ব হওয়ার কোনো কারণ নেই: ফরিদা আখতার

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃস্কুল বিজ্ঞান উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 06:43 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

বর্তমান অন্তর্বতী সরকার প্রয়োজনের একদিন বেশিও থাকবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পাদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেছেন, “সংস্কার বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সময়টাই নেবে। আর এই প্রয়োজনীয় সময়টাকে বিলম্ব ভাবাটা উচিত নয়। প্রয়োজনীয় সময়ের একদিন বেশিও থাকতে চাই না। 

“ডিসেম্বরে অনেকগুলো সংস্কার রিপোর্ট আসবে। যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে তাদের প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী ধাপটা বুঝতে পারব। জুলাই বিল্পবের পর যে বাংলাদেশ তৈরি হয়েছে সেটি যেন আগের অবস্থায় ফিরে না যায় সেটি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য।”

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃস্কুল বিজ্ঞান উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় এআরডি নামের একটি বেসরকারি সংস্থা উৎসবটির আয়োজন করে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ছাত্র আন্দোলনে নিহতদের রক্তের বিনিময়ে গড়া অন্তবর্তীকালীন সরকার। কাজেই এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না। সরকারের উদ্দেশ্য সংস্কারের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হয় সেই পরিবেশ করা। নিজেদের ইচ্ছা অনুযায়ী কিছুই হচ্ছে না। সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে নির্বাচিত সরকারের হাতে তোলে দিতেই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে।”

মৎস্য উপদেষ্টা বলেন, “এবার ইলিশ নিধন বন্ধের অভিযান ফলপ্রসূ হয়েছে। কারণ ইলিশ আগে পদ্মা-মেঘনা পর্যন্ত থেকে যেত। এবার রাজশাহীসহ তিস্তা নদীতেও ইলিশ পাওয়া যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে মা ইলিশগুলো রক্ষা পেয়েছে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মো. জাবেদুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মো. তৌফিকুল ইসলাম।

এআরডির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, এআরডির নির্বাহী পরিচালক ইয়াসমিন জাহান।