Published : 26 Aug 2025, 08:40 PM
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিলুপ্ত প্রজাতির একটি কিং কোবরা সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সাপুড়িয়াপাড়া এলাকা থেকে বস্তাভর্তি অবস্থায় সাপটি উদ্ধার করা হয় বলে মানিকছড়ি রেঞ্জের বন কর্মকর্তা কাজী তামিল রসুল জানান।
সোমবার দুপুরে উপজেলার গচ্ছাবিল এলাকার একটি বসতবাড়ির মুরগির ঘর থেকে সাপটি উদ্ধার করে সাপুড়িয়াপাড়ায় নিয়ে আসেন প্রবীণ সাপুড়িয়া অহিদ মিয়া।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া, বন কর্মকর্তা কাজী তামিল রসুল, বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী মো. জুয়েল গিয়ে সাপটি উদ্ধার করেন।
বন কর্মকর্তা কাজী তামিল রসুল বলেন, উদ্ধার হওয়া সাপটি লম্বার প্রায় ১২ ফুট। কিং কোরবা ‘শঙ্খচূড়’ বা ‘রাজ গোখরা’ নামেও পরিচিত। এরা পৃথিবীর অন্যতম বিষধর সাপ। এরা লম্বায় ১৮ ফুটের বেশি হয়।
বনবিভাগ জানায়, সাপটিকে হাজারিখীল অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।
২০১২ সালের বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ‘কিং কোবরা’ সংরক্ষিত প্রজাতি।