২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সীমান্তে বিপুল ভারতীয় কাপড় জব্দ, আটক ১

কভার্ডভ্যানসহ সব মালামালের আনুমাণিক মূল্য ১ কোটি ৫২ লাখ ৬১ হাজার টাকা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2024, 07:23 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

ফেনীর সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে বিপুল ভারতীয় শাড়ী, থ্রি পিস এবং থান কাপড় জব্দ করা হয়েছে। 

এ সময় একজনকে আটক করে তার ব্যবহৃত গোডাউন সিলগালা ও একটি কভার্ডভ্যান জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী-৪ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। 

আটক মো. ফাহাদ (২৭) ফেনী সদর উপজেলার পৌর শহরের বারাহিপুর এলাকার মো. রফিকের ছেলে। তাকে ‘চোরাকারবারি’ বলছে বিজিবি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর উপজেলার বারাহীপুর এলাকায় চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। 

সদর উপজেলা নির্বাহী অফিসার, বিজিবি, পুলিশ ও আনসারে সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দলটি ওই এলাকার একটি গুদাম তল্লাশী করে। এ সময় চোরাইপথে আনা ৮২২.৫০ মিটার ভারতীয় বিভিন্ন প্রকার থান কাপড় জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য এক লাখ ৬৫ হাজার টাকা।

অভিযানে মালমাল লোড/আনলোড কাজে নিয়োজিত তিনটি ট্রাকও জব্দ করা হয়। পরে গুদামের মালিক মো. ফরহাদকে আটক করা হয় এবং গুদামটি সীলগালা করে দেওয়া হয়। 

অপরদিকে টাস্কফোর্স দলটি ফেনী সদর উপজেলার মাথিয়ারা ও পাঁচগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি কভার্ডভ্যান জব্দ করে।

কভার্ডভ্যানটি তল্লাশী করে ৬৩ গাঁইট ভারতীয় শাড়ী কাপড় জব্দ করে। যার মধ্যে ১ হাজার ৯১৭টি ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, ৩০৬ সেট ভারতীয় থ্রি পিস রয়েছে। কভার্ডভ্যানসহ সব মালামালের আনুমাণিক মূল্য ১ কোটি ৫২ লাখ ৬১ হাজার টাকা। 

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন আরও বলেন, জব্দকৃত কাভার্ডভ্যান ও শাড়ী কাপড় ফেনী শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক চোরাকারবারীকে ফেনী থানায় হস্তান্তর করেছে বিজিবি।