মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম, হাসপাতালে মৃত্যু
জাকির ১৩ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত বাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১৩ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান বলে মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান জানান।
নিহত মো. জাকির হোসেন মিয়াজি (৪৫) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামের বাসিন্দা। তিন মেয়ে ও দুই ছেলে সন্তানের জনক জাকির কৃষিকাজ করে সংসার চালাতেন।
পরিবার জানায়, জাকির হোসেনের এক মেয়ে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে ফাহিম মিয়াজি (২৪), সাফিন (২৩), রিফাত বেপারী, রিয়াদ শিকদারসহ কয়েকজন তাকে উত্ত্যক্ত করতেন। মেয়ে বিষয়টি তার বাবাকে জানায়।
পরে জাকির বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। এতে যুবকরা ক্ষিপ্ত হয়। এর জেরে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে জাকির হোসেন মিয়াজির ওপর হামলা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন।
তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহতের মেয়ে স্কুলছাত্রী বলেন, “আমি স্কুলে যাওয়া-আসার সময় কয়েকজন ছেলে আমাকে প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি বাবাকে জানালে তিনি স্কুলে অভিযোগ করেন। এর জের ধরেই তারা আমার বাবাকে মারধর করে।”
নিহতের বড় মেয়ে বলেন, “আমার বাবাকে অন্যায়ভাবে মারধর করে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী একজন সাধারণ কৃষক ছিল। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমার ছোট ছোট সন্তান রয়েছে। এখন তাদের নিয়ে কীভাবে বাঁচব? আমি আমার স্বামী হত্যার বিচার চাই।”
নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুল্ল্যা এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি বলে দাবি করেন।
হামলার ঘটনায় নিহতের ছোট ভাই হোসেন মিয়াজি বাদী হয়ে যুবকদের আসামি করে চাঁদপুর আদালতে একটি মামলা করেছিলেন।
মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, “আহত অবস্থায় জাকির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নতুন করে হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাবে।”
