২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

জয়পুরহাটে ‘ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক’ উঠান বৈঠকে এ কথা বলেন ফারুক-ই-আজম।

বিডিনিউজ২৪

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 04:01 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

দেশকে এগিয়ে নিতে এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জয়পুরহাট সদরে ‘ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক’ উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।

সোমবার দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পিচোলিয়া গ্রামে এ বৈঠকে জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার সভাপতিত্বে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ছন্দমতো জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

ফারুক-ই-আজম বলেন, ইতোপূর্বে দেশের প্রায় সব রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। জনগণ নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। 

“ফলে সরকার হবে জনগণের, স্বৈরাচারী হবে না, বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। এতে মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এ কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাশাপাশি হ্যাঁ/না’র ভিত্তিতে গণভোটও অনুষ্ঠিত হবে।”

এর আগে উপদেষ্টা ফারুক-ই-আজম জেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।