২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে রাতের আঁধারে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ

“আমরা ধারণা করছি, আগুনের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ জড়িত।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 12:30 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

মানিকগঞ্জ ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন মানড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন।   

আগুনে স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ পুড়ে গেছে।

পুলিশ বলছে, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। পরে দুজন ব্যক্তি গাড়ি থেকে নেমে স্মৃতিস্তম্ভের আশপাশে থাকা গাড়ির চাকার টায়ার জড়ো করেন। এরপর টায়ারে পেট্রল ঢেলে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান।

বৈষম্যবিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলার সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলা হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রমজান বলেন, “জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্ব জেলার বিভিন্ন স্থানে নাশকতা করছে ছাত্রলীগ।

“আমরা ধারণা করছি, আগুনের ঘটনায়ও আওয়ামী লীগ ও ছাত্রলীগ জড়িত। প্রশাসন রাজিদুলকে এখনো শাস্তির আওতায় আনতে পারেনি; যা তাদের ব্যর্থতা।”

ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।