Published : 22 Jun 2026, 08:39 PM
নরসিংদীর রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের এক যুবক উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে চার মাস আগে সাইপ্রাসে গিয়েছিলেন। পড়াশোনার পাশাপাশি কাজও করতেন তিনি।
নিখোঁজ হওয়ার নয় দিন পর তার মাটিচাপা লাশ উদ্ধারের খবরে এখন শোকে স্তব্ধ পরিবার ও স্বজনরা। গ্রামের বাড়িতেও নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার দুপুরে শাহারিয়ার আহমেদ ইমমের (২২) মৃত্যুর খবর জানিয়েছেন তার মামা আল ফারুক।
ইমন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের গ্রিসপ্রবাসী নাসির উদ্দিনের বড় ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, স্টুডেন্ট ভিসায় চার মাস আগে সাইপ্রাসে যান ইমন। তিনি দেশটির লারনাকা জেলার ওরোক্লিনি এলাকায় থাকতেন। পড়াশোনার পাশাপাশি একটি কারখানায় খণ্ডকালীন কাজ করতেন।
১২ জুন কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। সেদিন রাতে মোবাইল অ্যাপের মাধ্যমে এক বন্ধুকে নিজের অবস্থানের একটি লোকেশন পাঠান। এরপর থেকেই তার ফোন বন্ধ হয়ে যায় এবং সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরিবারের দাবি, ইমনের ফোন ব্যবহার করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার বাবা গ্রিস প্রবাসির কাছে ৩৫ হাজার ইউরো মুক্তিপণ দাবি করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠায়। এ সংক্রান্ত একটি স্ক্রিনশট সাইপ্রাসের একটি গণমাধ্যমও প্রকাশ করেছে।
ইমনের মামা আল ফারুক বলেন, “প্রথমে ৩৫ হাজার ইউরো দাবি করা হয়। পরে আমরা পাঁচ লাখ টাকা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু এরপর আর কোনো যোগাযোগ হয়নি।”
তিনি বলেন, “আমরা ইমন হত্যার সুষ্ঠু বিচার চাই। একই সঙ্গে তার লাশ দেশে আনার জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করছি।”
রোববার সাইপ্রাস পুলিশ ইমনের মাটিচাপা লাশ উদ্ধার করে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
লোচনপুর গ্রামের বাসিন্দারা বলেন, ইমন শান্ত ও ভদ্র স্বভাবের ছিলেন। পরিবারের স্বপ্ন পূরণে বিদেশে পড়াশোনা ও কাজ করছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইমনের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে পরিবেশ। প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও শোক কাটিয়ে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।
আরও পড়ুন:
সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ১
সাইপ্রাসে ৬ দিন ধরে 'নিখোঁজ' বাংলাদেশি শিক্ষার্থী, মুক্তিপণ দাবির