২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নদীতে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

বুড়ি তিস্তা নদী গোসলের একপর্যায়ে ওই দুই শিশু পানিতে তলিয়ে যায়।

কুড়িগ্রামে নদীতে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর
প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2024, 07:50 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বুড়ি তিস্তা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে উলিপুর থানার এসআই গোলক চন্দ্র বর্মন জানান।

নিহতরা হলো- ওই এলাকার মোন্নাফ মিয়ার মেয়ে মীম (১১) এবং হাবিবুর রহমানের মেয়ে হাসি (৯)। 

পুলিশ জানায়, দুপুরে মীম ও হাসি বাড়ির পাশে বুড়ি তিস্তা নদীতে গোসল করতে যায়। এ সময় তাদের সঙ্গে ছিলেন হাসির দাদী হাসেনা বেগম (৬০)। 

গোসলের একপর্যায়ে ওই দুই শিশু পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ তাদের সাড়াশব্দ না পেয়ে হাসেনা বেগম চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে পানিতে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দুই শিশুর লাশ ভেসে উঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।