২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নির্মাণ শ্রমিক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 09:08 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

গাজীপুর সদর উপজেলায় একটি কারখানার গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই শ্রমিক। 

সোমবার বেলা ১১টায় উপজেলার বানিয়ারচালা এলাকায় রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

নিহত সালাউদ্দিন মাঝি (৬০) সদর উপজেলার মনিপুর (নামাপাড়া) গ্রামের বাকর উদ্দিন মাঝির ছেলে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানার গ্যাস লাইনের পাইপ স্থাপনের জন্য সড়ক খুঁড়ছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় পাশের প্যারাগন পোল্ট্রি ফিড কারখানার দেয়ালে ফাটল দেখা দিলে, কাজ বন্ধ রাখার অনুরোধ করেন স্থানীয়রা। 

তবে অনুরোধ উপেক্ষা করে অ্যালুমিনিয়াম প্যাকেজিং কর্তৃপক্ষ গ্যাসপাইপ স্থাপনের কাজ চালিয়ে যান। পরে বেলা ১১টার দিকে হঠাৎ ফিড কারখানার সড়কের পাশের দেয়াল ধসে তিন নির্মাণ শ্রমিক নিচে চাপা পড়েন।

খবর পেয়ে শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সালাউদ্দিন মাঝির লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা একজনকে মৃত এবং দুজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে মামলা নেওয়া হবে।