২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বিদ্যালয় যাওয়ার পথে ভটভটির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে একটি ভটভটি সিয়ামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

নওগাঁয় বিদ্যালয় যাওয়ার পথে ভটভটির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বজনদের আহাজারি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 04:18 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

নওগাঁর মান্দা উপজেলায় বিদ্যালয় যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মান্দা থানার ওসি খোরশেদ আলম।

নিহত সিয়াম হোসেন (৭) উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিয়াম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিয়াম সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি খোরশেদ আলম।