২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী আহত

গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী আহত

বাগেরহাটের ফকিরহাট থানা।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 11:21 PM

Updated : 14 Oct 2022, 11:21 PM

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক ঘের ব্যবসায়ী আহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙা গ্রামের সরোয়ার হোসেনের বাড়ির সামনের রাস্তার এ ঘটনা ঘটে বলে ফকিরহাট থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার রায় জানান।

গুলিবিদ্ধ জাহিদ মীর (৩৫) খুলনা মহানগরের বয়রা এলাকার আবুল হোসেন মীরের ছেলে। তিনি গত ৮ বছর আগে ফকিরহাট উপজেলার কাকডাঙা গ্রামের শহীদ মোল্লার মেয়েকে বিয়ে করে সেখানেই বসবাস করছিলেন।

আশঙ্কাজনক অবস্থায় জাহিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা স্বপন কুমার রায় বলেন, জাহিদ মীর স্থানীয় মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা তিন-চারজনের একটি অস্ত্রধারী দল তাকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পুলিশ কর্মকর্তা বলেন, “জাহিদের মাথা, পেট, পিঠ ও পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। 

“জাহিদ মাছের ঘের এবং খুলনাতে জমি কেনাবেচার ব্যবসা করেন। ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা এই ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর কারা কী কারণে তাকে গুলি করল তা বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা স্বপন।