২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা

এর পেছনে পারিপারিক কলহ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 08:58 PM

Updated : 31 Aug 2022, 08:58 PM

নীলফামারীর ডোমার উপজেলায় স্ত্রী-সন্তানকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

ডোমার থানার পরির্দশক মো. মাহমুদ উন নবী জানান, এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রত্না বেগম (২৬) ও আড়াই বছর বয়সী ইয়াসমিন আরা উপজেলার নিমোজখানা হরতকীতলা গ্রামের জিয়ারুল ইসলামের (৩০) স্ত্রী-সন্তান।

আহতরা হলেন জিয়ারুল নিজে, তার ১৪ দিন বয়সী ছেলে ও শাশুড়ি।

জিয়ারুল কাঠমিস্ত্রির কাজ করেন। বুধবার সকালে তিনি নিজের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে শ্বশুর আব্দুল করিমের বাড়িতে যান। সেখানে তার স্ত্রী-সন্তানরা ছিল। শ্বশুরবাড়ি যাওয়ার পর স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে এই খুনোখুনি হয়।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, “এক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে কলহ চলছে। এর জেরে জিয়ারুল তার স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করেন। তারপর নিজেও নিজেকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন।

“তবে আমরা তদন্ত করছি এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা। তদন্তে যদি অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জিয়ারুলকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বলেন, চার বছর আগে ওই দম্পত্তির বিয়ে হয়। জিয়ারুল শ্বশুরবাড়ি থাকতেন। মাস তিনেক আগে স্ত্রী-সন্তানকে নিয়ে ডোমার পৌরশহরে ভাড়া বাসায় ওঠেন। ১৪ দিন আগে শহরের একটি ক্লিনিকে তাদের ছেলেসন্তানের জন্ম হয়। ছয় দিন আগে সেখান থেকে তার স্ত্রী বাবার বাড়ি যান। বুধবার জিয়ারুল স্ত্রী-সন্তানকে আনতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে এই খুনোখুনি হয়। শাশুড়ি বাধা দেওয়ায় তাকেও কুপিয়ে আহত করেন জিয়ারুল। তাছাড়া ১৪ দিন বয়সী ছেলেকে পুকুরে ছুড়ে ফেলেন জিয়ারুল।

শাশুড়ি ও শিশুছেলেকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরির্দশক মো. মাহমুদ উন নবী।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।