‘ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আড়তদাররা জড়িত না’
মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের আড়তের দখল নিয়ে দুটি সংগঠনের সমর্থকদের মধ্যে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সংবাদ সম্মেলন করে এই দাবি করেছেন আড়তদাররা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন আড়তদাররা।
মঙ্গলবার আড়তের দখল নিয়ে দুটি সংগঠনের সমর্থকদের মধ্যে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সংবাদ সম্মেলন করে এই দাবি করেছেন আড়তদাররা।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোলাকান্দাইল এলাকার বিসমিল্লাহ পাইকারি কাঁচামালের আড়তে এই সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে কথা বলেন আড়তের পরিচালক আইয়ুব খান।
তিনি বলেন, “মুজিবুর ভূঁইয়া (রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানের ভাতিজা) নামের এক ব্যবসায়ী আড়তটির মালিক। তিনি ২০২১ সালে সেলিম প্রধানের (অনলাইন ক্যাসিনোকাণ্ডে আলোচিত) কাছ থেকে ১০ বছরের চুক্তিতে জমি ভাড়া নিয়ে আড়তটি গড়ে তোলেন।
“১০ বছরের চুক্তি থাকলেও ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আড়তটি দখলে নিতে চান সেলিম প্রধান। তিনি ব্যবসায়ীদের অবৈধভাবে উচ্ছেদের চেষ্টা করেন। বিভিন্ন সময় তিনি লোকজনের মাধ্যমে হুমকি-ধমকি দিচ্ছেন। আড়তের কাঁচামাল ব্যবসায়ীরা এতে আতঙ্কিত।”
মঙ্গলবারের সংঘর্ষের ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দল মিছিল দিচ্ছিল। তখন তাদের উপর সেলিম প্রধান হামলা চালায়। এখানে আড়তের কোনো বিষয় জড়িত না।”
সেলিম প্রধানের সঙ্গে আওয়ামী লীগ সরকারের লোকজনের ঘনিষ্ঠতা ছিল বলেও অভিযোগ করেন আইয়ুব খান।
এদিকে মঙ্গলবার সংঘর্ষের ঘটনার পর সেলিম প্রধান অভিযোগ করেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, মুজিবুর রহমান ও স্থানীয় সাংবাদিক নেতা মীর আব্দুল আলীম তার ১৬ বিঘা জমি দখল করে আড়ৎ গড়ে তোলেন। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হাবিবুর রহমান পালিয়ে যান। তবে হাবিবুরের পক্ষে তার ভাতিজা আইয়ুব খান ও মুজিবুর রহমান স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সেটি দখলে রাখেন। আড়তের মালিকানা বুঝে পেতে তিনি আদালতে মামলা করেছেন।
সোমবার তিনি স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে একটি মানববন্ধন করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে আইয়ুব খান ও মজিবুর রহমান আওয়ামী লীগ ও বিএনপির লোকজন নিয়ে মিছিল করে এসে তার বাড়িঘরে হামলা চালায়। এ সময় বাড়ির নিচে থাকা একটি গাড়ি, একটি টিনশেড ঘর ও ১০টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। হামলাকারীরা বাড়িতে হাতবোমা নিক্ষেপ করেছে বলেও সেলিম প্রধানের অভিযোগ।
যদিও সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দেখাশোনার দায়িত্বে থাকা আইয়ুব খান বলেন, “এই আড়তের সঙ্গে হাবিবুর রহমানের কোনো সম্পৃক্ততা নেই। চুক্তি হয়েছে মুজিবুর রহমানের সঙ্গে। ২০৩০ সালে চুক্তি শেষ হবে, আড়তের জন্য ভাড়া বাবদ টাকাও পাচ্ছেন সেলিম প্রধান।
“চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পজিশন তিনি চাইতে পারেন না। কারণ, এটা নিচু জমি ছিল, আমাদের টাকা দিয়ে বালু ভরাট করছি। দখলে পেতে চাইলে আড়তদারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমঝোতার মধ্য দিয়ে নেবেন।”
এদিকে ২৪ ঘণ্টা পার হলেও বুধবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম দুপুরে বলেন, “এই ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। তবে অভিযোগ ছাড়াই আমরা অস্ত্রধারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।”
