Published : 04 Dec 2025, 03:35 PM
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে গুরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। ঘটনার পর লাশ ভারতে নিয়ে গেছে বিএসএফ।
বুধবার ভোররাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসের নগর সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান লালমনিরহাট ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজাহিদ মাসুম।
নিহত মো. সবুজ (২২) উপজেলার পচাভাণ্ডার এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সেরাজুল ইসলামের ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্য রাতে সবুজ গরু আনতে সীমান্তের ৮৬৪ নম্বর মেইন পিলারের ৫–এস পয়েন্টে অবস্থান নেন। এ সময় ভারতের চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর লাশ নিয়ে গেছে বিএসএফ।
শমসের নগর বিওপি ক্যাম্পের কমান্ডার কামাল উদ্দিন বলেন, “বাংলাদেশি নিহতের ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ নোট পাঠানো হয়েছে। চিঠিতে সকাল সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে। লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ।”
লেফটেন্যান্ট কর্নেল মুজাহিদ মাসুম বলেন, “সবুজের লাশ ভারতের পশ্চিমবঙ্গের মাথাভাঙ্গা থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। গুলির ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।”
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যার বিচার দাবি করেছেন স্থানীয়রা।