Published : 26 Jun 2026, 05:35 PM
ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে বরিশালের গৌরনদীতে প্রায় তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নবাসীর ব্যানারে ভূরঘাটা বাস টার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গৌরনদী ছাড়াও উজিরপুর ও মাদারীপুরের কালকিনিসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
পরে ভূরঘাটা বাস টার্মিনাল এলাকায় সমাবেশে বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ বেড়েছে, তবে দুই লেনের সরু মহাসড়ক বাড়তি যানবাহনের চাপ সামলাতে পারছে না। ফলে যানজট ও সড়ক দুর্ঘটনা বাড়ছে।

সমাবেশ থেকে ২৩ জুন গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত কুয়েত প্রবাসী সোহেল ফকিরের মৃত্যুর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
বক্তারা দাবি করেন, মহাসড়কটি চার লেনের মূল সড়ক ও দুপাশে দুটি সার্ভিস লেনসহ মোট ছয় লেনে উন্নীত করা হলে দুর্ঘটনা ও যানজট কমবে। সেইসঙ্গে কৃষিপণ্য পরিবহন, পায়রা ও মোংলা বন্দরের সঙ্গে যোগাযোগ উন্নত হবে। এ ছাড়া দক্ষিণাঞ্চলের পর্যটন ও শিল্পখাতও উপকৃত হবে।
দ্রুত ছয় লেনের প্রকল্প বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।