২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বেনাপোল বন্দরে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাক চালক ও তার সহকারী আটক

অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়, বলছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

বেনাপোল বন্দরে ভারতীয় আমদানি পণ্যবোঝাই ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও গুলি উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি।

রোববার দুপুরে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে অস্ত্রটি উদ্ধারের সময় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয় বলে যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন।

আটকরা হলেন- ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা জাস পাল সালুজার ছেলে ট্রাক চালক গুরুজিত সালুজা ও একই এলাকার চালকের সহকারী রাম দাস নাওয়াদি।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “আমদানি বা রপ্তানি করা পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোন অস্ত্র বা মাদক বহন না হয় সেজন্য সন্দেহভাজন ট্রাকে তল্লাশি করা হয়।

“রোববার কাঁচা মরিচবোঝাই একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে চালকের কেবিন থেকে একটি এয়ার পিস্তল এবং ৯০টি এয়ার পিস্তলের গুলি উদ্ধার করা হয়।”

এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং জড়িত ট্রাকের চালক ও তার সহকারিকে আটক করা হয়েছে।

পরে অস্ত্র আইনে মামলা দিয়ে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে বিজিবির এ কর্মকর্তা।