সিলেটে পৌরসভার নামফলক ভাঙার সময় কর্মচারীকে ‘মারধর’
পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে বিয়ানীবাজার থানার ওসি বলেন।
সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় আওয়ামী লীগ সরকারের সময়ে স্থাপিত নামফলক ভাঙার সময় এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, একদল যুবক পৌরসভার নামফলক ভাঙচুর করছেন।
একপর্যায়ে বিয়ানীবাজার পৌরসভার নক্সাকার মো. আশরাফুল ইসলামকে কিল-ঘুষি ও লাথি মারতে মারতে সিঁড়ি দিয়ে নামিয়ে আনতে দেখা গেছে এক যুবককে।
এ সময় উত্তেজিত যুবকরা তাকে কিল-ঘুষি মেরে একটি কক্ষের দিকে নিয়ে যান। তখন সেখানে উপস্থিত লোকজন যুবকদের নিবৃত করেন।
মারধরের বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি মো. আশরাফুউজ্জামান বলেন, “আমি বাইরে ছিলাম, থানায় এসে শুনি, স্থানীয় জনতা পৌরসভার নামফলক ভাঙার সময় আশরাফুল ইসলামের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। পরে পুলিশ গিয়ে উনাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে; তবে তাকে মারধর করা হয়নি।’’
এ বিষয়ে বক্তব্য জানতে ফোন দেওয়া হলে আশরাফুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
