২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

সকালে শিশুকে বাড়ি থেকে তুলে নির্জন স্থানে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে জানায় পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 09:12 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ছয় বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলায় সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন ওরফে আব্দুর মছাব্বির মনা (২১) উপজেলার ডাকঘর গ্রামের বাসিন্দা।

এদিন সকালে শিশুটির বাবা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানান ওসি রতন শেখ।

অভিযোগের বরাতে ওসি বলেন, “সকালে মনা ছয় বছরের ওই শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। এরপর নির্জন স্থানে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।”

ওসি রতন শেখ বলেন, শিশুটির বাবা মামলা করেছেন। অভিযোগ পাওয়ার পরপর মনাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

এ ছাড়া ভুক্তভোগী শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।