কুমিল্লায় বিএনপির একপক্ষের ওপর আরেক পক্ষের হামলা, আহত ৫
বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ করা নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি নেতাকর্মীদের।
কুমিল্লার আদর্শ উপজেলায় ‘অভ্যন্তরীণ কোন্দলের’ জেরে বিএনপির একপক্ষের হামলায় আরেক পক্ষের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকার দিঘির পাড়ে এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।
আহতরা হলেন- আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী নূর আহমেদ শরীফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান, একই এলাকার বিএনপি কর্মী গোলাম মোস্তফা, সুজন এবং আবু ইউসুফ। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার শিকার বিএনপি নেতা কাজী নূর আহমেদ শরীফ বলেন, “১৭ সেপ্টেম্বর টাউন হল মাঠে বিএনপির কুমিল্লা বিভাগীয় গণতন্ত্র দিবসের সমাবেশ ছিল। উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল কাইয়ুমের নির্দেশ অমান্য করে ওই সভায় অংশগ্রহণ করায় আমাদের ওপর হামলা চালিয়েছেন তিনি ও তার লোকজন।”
আহমেদ শরীফের অভিযোগ, “বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ না করার জন্য আমাদেরকে বারবার চাপ প্রয়োগ করেন রেজাউল কাইয়ুম ও তার অনুসারীরা। রেজাউল কাইয়ুম নিজে ওই সমাবেশে যাননি।
“তার নির্দেশ অমান্য করে নেতাকর্মীদের নিয়ে সেখানে যাওয়ায় তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।”
হামলার অভিযোগ অস্বীকার করে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম বলেন, “আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তারা ষড়যন্ত্র করে আমার ওপর দোষ চাপাচ্ছেন।
“আমি কাউকে ওই অনুষ্ঠানে যেতে নিষেধ করি নাই। তারা আমাকে বিতর্কিত করার চেষ্টা করছেন; যাতে সামনে উপজেলা নির্বাচন করতে না পারি। এটাই মূল কারণ।”
ওসি মহিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
