ফেনীতে বিএনপি নেতাসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
আইনজীবী মোশাররফ বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য ফেনী পিবিআইকে দায়িত্ব দিয়েছে।
ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনসহ ১০ বিরুদ্ধে হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ফেনীর বিচারিক হাকিম ফারহানা লোকমানের আদালতে এ মামলা করেন একই উপজেলার মেহেদীপুর গ্রামের মো. স্বপন মিয়া নামে এক ব্যক্তি।
আদালতের আইনজীবী মোশাররফ হোসেন মামলার বিষয়টি জানিয়ে বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য ফেনী পিবিআইকে দায়িত্ব দিয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন, মো. মনসুর ভুঁইয়া, ইউসুফ, শাহীন, ইলিয়াস, মিজানুর রহমান, নাসির, জসীম উদ্দীন, আবুল কালাম ও মিলন।
মামলার এজহারের বরাতে আইনজীবী মোশাররফ হোসেন বলেন, “গত বুধবার রাতে জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা দলবেঁধে লোহার রড, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে স্বপনকে হত্যার উদ্দেশ্যে তার বসতঘরে হামলা চালায়। এসময় তারা বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালংকার লুট এবং নগদ ৩ লাখ টাকা নিয়ে যান। এছাড়া বাদীর স্ত্রীর শ্লীলতাহানী ও হত্যার উদ্দেশ্যে গুলি চালান।
এ ঘটনায় দাগনভূঞা থানায় মামলা করতে গেলে আসামিরা ‘প্রভাবশালী হওয়ায়’ থানা মামলা নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ ভুক্তভোগী স্বপনের।
তবে থানার ওসি আবুল হাশেম বলেন, “আকবর হোসেনের বিরুদ্ধে মামলা করতে স্বপন মিয়া বা অন্য কেউ থানায় আসেননি। তবে বুধবার স্বপনের বিরুদ্ধে আকবরের সমর্থকরা একটি মামলা করেছেন।”
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই, উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন বলেন, “জেলা যুবদলের এক যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সে তার সহযোগী স্বপনকে দিয়ে আমাদের বিরুদ্ধে পাল্টা মামলা করিয়েছে।”
