২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবি ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের

শনিবার রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় এই দাবিতে মানববন্ধন করে সংগঠনটি।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2024, 09:29 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে ‘নির্দলীয়, সৎ ও যোগ্য ব্যক্তিদের’ নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন। 

শনিবার রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় এই মানববন্ধন করে সংগঠনটি। এ সময় বক্তব্য দেন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের সদস্য শ্রদ্ধা চাকমা।

তিনি বলেন, “১৯৯৯ সালে ২৭ মে তৎকালীন শেখ হাসিনা সরকার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করে। সেই সময় যাদেরকে পরিষদে নিয়োগ দেওয়া হয়েছিল, ২৫-২৬ বছর পরও তারা একই পদে আসীন রয়েছেন। পরিষদের মেয়াদ পাঁচ বছর হলেও এতো বছরেও আঞ্চলিক পরিষদ পুনর্গঠন না হওয়ায় এর বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে।” 

তিনি বলেন, “আঞ্চলিক পরিষদ সরকার থেকে যে বরাদ্দ পায়, তার খরচের কোনো জবাবদিহিতা নেই। সাধারণ মানুষ জানে না, আঞ্চলিক পরিষদের বরাদ্দ দিয়ে তারা কী করেন? জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কোনো দায়বদ্ধতা নেই।” 

একই সঙ্গে সংগঠটি জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ‘ফ্যাসিস্ট’ হাসিনার সহযোগী ও সুবিধাভোগীদের বিদায় করা এবং পার্বত্য চট্টগ্রামকেও ফ্যাসিস্ট শাসনমুক্ত করে প্রকৃত গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক শাসন কায়েমের দাবি জানায়।

ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ নামে সংগঠনটি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত বলে জানা গেছে।

১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের গঠনের পর থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।