চুয়াডাঙ্গায় ফসলের মাঠে ‘ল্যান্ড মাইন’ সদৃশ বস্তু উদ্ধার
বস্তুটি স্বাধীনতা যুদ্ধের সময়কার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদরে ফসলের মাঠ থেকে ল্যান্ড মাইন সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী।
শনিবার বেলা ৩টার দিকে সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের একটি মাঠে জমি চাষ করার সময় বস্তুটি পাওয়া যায় বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান।
স্থানীয়দের ভাষ্য, ওই গ্রামের স্কুলপাড়া মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন এক কৃষক। এ সময় মাটির নিচ থেকে ল্যান্ড মাইন সদৃশ বস্তুটি বেরিয়ে আসে। বিষয়টি সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিক ঘটনাস্থল ঘিরে ফেলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। পরে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। বস্তুটি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময়কার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি মিজানুর রহমান বলেন, বস্তুটি কি তা এখনি বলা সম্ভব নয়। তবে বোমা সদৃশ্য বস্তু বলে ধারণা করা হচ্ছে। পরে এটি নিষ্ক্রিয় করা হবে।
