২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে তিন ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা, দোকানেও পানি

তিন ঘণ্টায় মাইজদীতে ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নোয়াখালীতে তিন ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা, দোকানেও পানি
টানা বৃষ্টির কারণে নোয়াখালী শহরের মাইজদীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 09:56 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

নোয়াখালীতে মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে জেলা শহর মাইজদীতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক জায়গায় দোকানের ভেতরেও পানি ঢুকে গেছে। 

জেলা আওহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রাতে সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় মাইজদীতে ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এ বছরের সর্বোচ্চ।

বৃষ্টি আরও কয়েক ঘণ্টা অব্যাহত থাকবে বলেন জানান আবহাওয়া কর্মকর্তা।

এদিকে শহরের উত্তরা শপিং কমপ্লেক্সের নিচতলার সবগুলো দোকান পানিতে নিমজ্জিত হয়েছে। ব্যবসায়ীদের মালামালও নষ্ট হয়েছে। 

শপিং কমপ্লেক্সের বৈদ্যুতিক সামগ্রীর দোকানদার জোবায়ের হোসেন বলেন, “অনেক ব্যবসায়ী দোকানে সেচ দিয়েও পানি সরাতে পারছেন না।”

বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন রিকশাচালক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষ।

স্থানীয় সাংবাদিক গোলাম কিবরিয়া রাহাত বলেন, নোয়াখালী পৌরসভার ড্রেনগুলোর মুখ এবং খালের মুখে ময়লা-আবর্জনা জমে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। পানি সরতে না পারার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।