২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ডিসির বাংলোয় তালা দিয়ে দাবি আদায় শিক্ষার্থীদের

নির্ধারিত স্থানে শেরপুর সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন নির্মাণের দাবিতে এই আন্দোলন করেছিলেন তারা।

শেরপুরে ডিসির বাংলোয় তালা দিয়ে দাবি আদায় শিক্ষার্থীদের
জেলা প্রশাসকের কার্যালয়ে দাবি মেনে নেয়ার জন্য বিক্ষোভ করেন শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 11:22 AM

Updated : 26 Aug 2026, 10:37 AM

শেরপুর জেলা প্রশাসকের বাংলোয় তালা ঝুলিয়ে-কার্যালয় ঘেরাও করে দাবি আদায় করে নিয়েছে শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

নির্ধারিত স্থানে কলেজের একাডেমিক ভবন নির্মাণের দাবিতে মঙ্গলবার দুপুরে প্রায় এক ঘণ্টা শিক্ষার্থীরা এই আন্দোলন করে বলে জানিয়েছেন কলেজের উপাধ্যক্ষ আ জ ম রেজাউল করিম খান। 

পরে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা বাংলোর তালা খুলে দিয়ে কলেজে ফিরে যায়।

জানা যায়, শেরপুর সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন নির্মাণের জন্য ক্যাম্পাসের ভেতরে একটি স্থানের মাটি পরীক্ষা করা হয়েছিল। পরবর্তীতে শিক্ষা প্রকৌশল বিভাগ ভবন নির্মাণের কার্যক্রম শুরু করলে তৎকালীন জেলা প্রশাসক তাতে বাধা দেন। 

এর কারণ হিসেবে জানা যায়, জায়গাটি অর্পিত সম্পত্তি হওয়ায় সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না। পরবর্তীতে বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা বৈঠক হলেও ভবন তৈরি করা যায়নি।

এর পরিপ্রেক্ষিতে সোমবার এক দফা দাবি জানিয়ে বর্তমান জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে স্মারকলিপি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

২৪ ঘণ্টা পার হওয়ার পরও এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের বাংলোর প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। 

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা অফিস কক্ষে অবস্থান নিয়ে তাৎক্ষণিক দাবি মেনে নেয়ার জন্য বিক্ষোভ করতে থাকে।

এক পর্যায়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু দাবি আদায়ে অনড় থাকেন।

ঘণ্টাখানেক পর কলেজের উপাধ্যক্ষ আ জ ম রেজাউল করিম খানসহ অন্যান্য শিক্ষকরা এসে বিষয়টি নিয়ে বৈঠকে বসেন। এক পর্যায়ে নির্ধারিত স্থানে এ ভবন নির্মাণে আপত্তি নেই বলে জানিয়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

সেইসঙ্গে তিনি ভবন নির্মাণের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারীর সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত স্থানে ভবনের কাজ শুরু করার আহ্বান জানান। 

পরে জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা জেলা প্রশাসকের বাংলোর তালা খুলে দিয়ে কলেজে ফিরে যায়।

এ ব্যাপারে জেলা প্রশাসন তরফদার মাহমুদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমার দ্বিমত নেই। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ভবন নির্মাণের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। বৃষ্টি না থাকলে বুধবার ভিত্তি প্রস্তুর নির্মাণ করা হবে। যে জায়গায় সয়েল টেস্ট হয়েছে, সেই জায়গায় ভবন হবে।”