বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৫ জন।
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৫ জন রোগী।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানান বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।
এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
মৃতরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার খড়কি এলাকার আশরাফুদ্দিন (৫০), বরগুনা সদর উপজেলার বালিয়াতলী এলাকার পারভীন (৪৫) এবং বামনা উপজেলার লাবিবা (১৯)।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে শনিবার সকাল পর্যন্ত বরিশালে পাঁচ হাজার ৪৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচ হাজার ১২১ সুস্থ হয়েছেন। আর চিকিৎসাধীন আছেন ৩২৬ জন।
এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে তিনজন, ভোলা, পটুয়াখালী ও বরগুনায় দুইজন করে মারা গেছেন।
জানুয়ারি থেকে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী বরগুনার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত এক হাজার ৫৫১ জন আক্রান্ত হয়েছেন; আর সুস্থ হয়েছেন এক হাজার ৪৬৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ৮২ জন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৮৭১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৭০ জন; আর চিকিৎসাধীন ৭২ জন।
বরিশাল সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ৬৯৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৪৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৭ জন। তবে সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগীর মৃত্যু হয়নি।
পটুয়াখালী সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ভর্তি হয়েছেন ৫৪৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫১৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩১ জন। আর মারা গেছেন একজন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪২৩ জন; এর মধ্যে সুস্থ হয়েছেন ৪০১ জন। আর বর্তমানে চিকিৎসাধীন ২১ ডেঙ্গু রোগী।
ভোলা সদরসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৫৫১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২২ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৭ জন।
পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৯৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬৪ জন; আর বর্তমানে চিকিৎসাধীন ৩০ জন।
