আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে: হাফিজ উদ্দিন
ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর মোজাম্মেল ও চর জহিরউদ্দিন সফরকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম।
তিনি বলেছেন, “আওয়ামী লীগ সারাদেশে বাহিনী দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাধারণ মানুষের কথা বলার উপায় ছিল না। তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। দেশের মানুষকে কষ্টে রেখে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।”
বুধবার ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর মোজাম্মেল ও চর জহিরউদ্দিন সফরকালে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, “লাগামহীন দ্রব্যমূল্য, সীমাহীন দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যা-গুমের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা, শেখ রেহানা, জয়সহ তাদের পরিবারের দুর্নীতি তদন্ত করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় বক্তব্য দেন তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্যসচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, মহিউদ্দিন জুলফিকার, সাহাদাত হোসেন পাটোয়ারী, চাচড়া বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সোনাপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক জাকির হোসেন মনু, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হালিম জাহাঙ্গীর, কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম কামাল, যুবদল আহ্বায়ক হাসান সাফা পিন্টু, যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পাটোয়ারী, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন।
