গোপালগঞ্জে শিক্ষকের শাস্তিতে অভিভাবকদের মিষ্টি বিতরণ
শিক্ষার্থীরা দুই দিন ক্লাস বর্জন করে প্রতিবাদ জানায়। পরে বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই খবর ছড়িয়ে পড়ার পর রোববার সকালে অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে মিষ্টি বিতরণ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রমাণ পাওয়ায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
সহকারী শিক্ষক তপতী বাড়ৈর বিরুদ্ধে অনেক দিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ছিল। এ নিয়ে অভিভাবকেরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পর শিক্ষার্থীরা দুই দিন ক্লাস বর্জন করে প্রতিবাদ জানায়। পরে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়।
অভিযোগের সত্যতা পাওয়ার পর ৬ এপ্রিল গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন স্বাক্ষরিত এক আদেশে তাকে লঘুদণ্ড প্রদানসহ স্থায়ী বদলির নির্দেশ দেওয়া হয়।
অভিভাবক আকিমন বেগম বলেন, “বহুদিন ধরে এর প্রতিকার চেয়েছি। অবশেষে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। তপতী বাড়ৈ আমাদের বিদ্যালয়ের জন্য অভিশাপ ছিলেন। তিনি শিক্ষক নামের কলঙ্ক।”
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি বোরহান খান বলেন, “শিক্ষক হচ্ছেন আদর্শের প্রতীক। সেখানে যদি এমন আচরণ হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”
বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “আমরা ম্যাডামকে অনেক ভয় পেতাম। আমাদের সঙ্গে খারাপ আচরণ করতেন। এখন মনে হচ্ছে আমরা নিশ্চিন্তে স্কুলে যেতে পারব।”
