২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় হিসাবরক্ষণ ও প্রাণিসম্পদ কার্যালয়ের জানালার গ্রিল কেটে চুরি

চোরের দল দুটি অফিস থেকে সরকারি গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে গেছে জানিয়েছেন কর্মকর্তারা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 08:20 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষণ অফিস এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসে একযোগে চুরির ঘটনা ঘটেছে।

সংঘবদ্ধ চোরের দল দুটি কার্যালয়ের জানালার গ্রিল কেটে ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন ও সিসি ক্যামেরার কন্ট্রোল বক্সসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি কর্মকর্তাদের।

রোববার সকালে অফিস খোলার পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের। 

শুক্রবার বা শনিবার সাপ্তাহিক ছুটির যেকোনো এক রাতে এ ঘটনা ঘটেছে বলে জানান আটঘরিয়া থানার ওসি নাজমুল হক।

চোরের দল দুটি অফিস থেকে সরকারি গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে গেছে জানিয়েছেন কর্মকর্তারা। 

তাদের দাবি, হিসাবরক্ষণ অফিস থেকে একটি ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, একটি কোর আই-৫ ডেস্কটপ কম্পিউটার ও ইউপিএস, একটি এইচপি ২২০ সিরিজের ল্যাপটপ ও চার্জার, একটি নোকিয়া ৩৩১০ মোবাইল ফোন, একটি ফার্স্ট এইড বক্স ও প্রেসার মাপার মেশিন, পাওয়ার বোর্ড, প্রয়োজনীয় বই ও বিভিন্ন সরকারি মালামাল; যার আনুমানিক মূল্য এক লাখ ৩০ হাজার টাকা।

এ ছাড়া প্রাণিসম্পদ কার্যালয় থেকে প্রায় এক লাখ ২০ হাজার টাকার একটি কম্পিউটার ও মনিটর এবং সিসি ক্যামেরার কন্ট্রোল বক্স চুরি হয়েছে বলে জানান আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হোসাইন।

আটঘরিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সুরাইয়া খনম বলেন, “সকালে অফিসের নৈশপ্রহরী তালা খোলার পর ভেতরে চুরির বিষয়টি দেখতে পান। পরে কক্ষে প্রবেশ করে দেখি বিভিন্ন সরকারি মালামাল ও সরঞ্জাম চুরি হয়েছে।”

বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। খোয়া যাওয়া মালামালের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসি নাজমুল হক বলেন, খবর পাওয়ার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।