২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জমির বিরোধ নিয়ে পিটুনিতে শিক্ষক নিহত

শুক্রবার তিনি মারা গেলেও পুলিশি কার্যক্রম বন্ধ থাকায় সুরতহাল ও ময়নাতদন্ত নিয়ে জটিলতায় রোববার রাতে তার মরদেহ বাড়িতে আনা হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2024, 03:45 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

খুলনার কয়রা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের পিটুনিতে আহত হওয়া এক শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেলেও পুলিশি কার্যক্রম বন্ধ থাকায় সুরতহাল ও ময়নাতদন্ত নিয়ে জটিলতায় তার মরদেহ  রোববার রাতে বাড়িতে আনা হয়। 

রেজাউল করিম (৫২) কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ৫ অগাস্ট কয়রা সদর ইউনিয়নের রশিদ মোল্লার মোড় এলাকায় প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মাসুম বিল্লাহ বলেন, রেজাউল করিমের সঙ্গে তার চাচাতো ভাইদের জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। ৫ অগাস্ট সরকারের পতনের পর বিকালে রশিদ মোল্লার মোড় এলাকায় চাচাতো ভাই সোহরাব হোসেনের পথরোধ করেন রেজাউল।

“এ সময় সোহরাবকে উদ্দেশ করে রেজাউল বলেন, এখন শেখ হাসিনার সরকার নেই। আমার নামে মামলা করেছিলি কেন বল? এ কথা বলেই সোহরাবকে মারধর করেন রেজাউল। খবর পেয়ে সোহরাবের ভাইয়ের ছেলেরা সেখানে গিয়ে রেজাউলকে পিটিয়ে গুরুতর আহত করে।”

তিনি আর বলেন, এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়। উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্ট উত্তেজনা আর পূর্বশত্রুতার কারণেই মারামারির ঘটনাটি ঘটে। তবে শিক্ষক রেজাউল করিম বিএনপির একনিষ্ঠ সমর্থক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন, আর তার চাচাতো ভাইরাও আওয়ামী লীগের সমর্থক নন। 

রেজাউলের মেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার দাবি করেন, “ওই দিন জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে তার বাবাকে শাবল দিয়ে আঘাত করেন চাচাতো ভাই লিটন। পরে শুক্রবার তিনি হাসপাতালে মারা যান। 

ফারজানা বলেন, “তখন পুলিশি কার্যক্রম বন্ধ থাকায় সুরতহাল প্রতিবেদন না পাওয়ায় ময়নাতদন্তে দেরি হয়েছে। এ জন্য মৃতদেহ বাড়িতে নিয়ে আসতে পারিনি। পরে অনেক কষ্টে রোববার ময়নাতদন্ত করে সন্ধ্যায় কয়রার বাড়িতে পৌঁছাই। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, “বিষয়টি জেনেছি। ওই সময় পুলিশের কার্যক্রম ছিল না। তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে। মামলা দিলে নেওয়া হবে।”