Published : 10 Jun 2026, 11:56 PM
নীলফামারীর জলঢাকা উপজেলায় বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের শিমুলবাড়ি মুজিবনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান।
নিহত কিবরিয়া ইসলাম পিয়েল (২৪) ওই এলাকার কফদ্দি মাহমুদের ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- একই এলাকার তফর উদ্দিন ওরফে তপদ্দি মাহমুদের ছেলে মাজেদুল (২০), তার মা মোছা. তইবোন নেছা (৫০) এবং মাজেদুলের স্ত্রী মীম আক্তার (১৮)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে পিয়েলের সঙ্গে তার আপন চাচা তফর উদ্দিন ও চাচাতো ভাইদের বিরোধ চলছে। সন্ধ্যায় সেই রাস্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এ সময় কুপিয়ে কিবরিয়ার মাথায় জখম করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।